কালিহাতী থেকে জাহাঙ্গীর আলম :
টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়কের (এন-৪) ওপর নতুন একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
প্রায় ৩৭ দশমিক ৯২ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মাণ সম্পন্ন হলে ব্যস্ত মহাসড়কের ওই অংশে যান চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি কমার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচলের গতি ও সড়কের সক্ষমতাও বাড়বে।
শুক্রবার সকাল ১১টার দিকে কালিহাতী সাতুটিয়া বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য লুৎফর রহমান মতিন বলেন, কালিহাতীবাসীসহ জামালপুর মহাসড়ক ব্যবহারকারী মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এখানে একটি নিরাপদ ও আধুনিক সেতু নির্মাণ। সেই প্রত্যাশা বাস্তবায়নের কাজ শুরু করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, সেতুটি নির্মাণ শেষ হলে এ অঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ হবে এবং মহাসড়কে যান চলাচলের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী, টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান, মধুপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী সোহেল মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং ঠিকাদারি প্রতিষ্ঠান তূর্ণা এন্টারপ্রাইজের প্রতিনিধি পাপ্পু।
এছাড়া স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ড়
দেশ বাংলা টিভি ডেক্স